কোচিং সেন্টার ব্যবসা: শুরুর খরচ

কোচিং সেন্টার খোলার আগে যে ভুলগুলো এড়াবেন

কয়টা ছাত্র হলে কোচিং সেন্টারের খরচ ওঠে? নিচের উদাহরণে উত্তরটা তিন ব্যাচ, মানে প্রায় ৬০ জন। কোচিং সেন্টার ব্যবসা যারা শুরু করেন, তাদের বেশিরভাগ এই সংখ্যাটা না জেনেই ঘর ভাড়া নেন। নিচে সেরকম ভুলগুলো আর প্রতিটার সমাধান।

কোচিং সেন্টার ব্যবসা: শুরুর খরচ, শিক্ষকের টাকার মডেল আর কয় ব্যাচে লাভ

ভুল: আগে ঘর ভাড়া, পরে ছাত্র খোঁজা

ঘর নেওয়ার পরে প্রতিটা খালি মাসে ভাড়া গুনতে হয়। তাই উল্টো ক্রমে চলুন।

  • কোন শ্রেণি আর কোন বিষয় পড়াবেন, ঠিক করুন। এলাকার স্কুলে কোন বিষয়ে ছাত্ররা বেশি পিছিয়ে, অভিভাবকদের জিজ্ঞেস করুন।
  • একটা সাধারণ ফরমে নাম, শ্রেণি আর ফোন নম্বর নিয়ে আগাম তালিকা করুন।
  • অন্তত ৩০ জনের নাম হলে তবেই ঘর খুঁজুন।

শুরুতে বাসার একটা রুমে বা পরিচিত স্কুলের ঘরে বিকেলে ক্লাস নিয়েও চাহিদা যাচাই করা যায়। ঘরে বসে আর কী কী শুরু করা যায়, দেখুন ঘরে বসে ব্যবসার তালিকায়।

ভুল: শুরুর খরচ না জেনে নামা

দুই রুমের একটা ছোট কোচিংয়ের উদাহরণ হিসাব নিচে। জেলা শহর বা ঢাকার বাইরের দিক ধরে।

কোচিং সেন্টার ব্যবসা শুরুর আন্দাজ খরচ: অ্যাডভান্স ৩৬,০০০, বেঞ্চ ৪৫,০০০, প্রিন্টার ১৮,০০০, রিজার্ভ ৩০,০০০, মোট ১,৭০,০০০ টাকা
উদাহরণ হিসাব, ঢাকার বাইরে দুই রুম ধরে।

বেঞ্চ আর টেবিল সবচেয়ে বড় খাত। পুরনো স্কুলের বেঞ্চ বা কাঠমিস্ত্রিকে দিয়ে বানালে এই খরচ অনেক কমানো যায়।

রিজার্ভ রাখার কারণ সোজা। প্রথম দুই মাসে ফি পুরো আদায় হয় না, কিন্তু ভাড়া আর বিদ্যুৎ বিল ঠিক সময়ে দিতে হয়।

ভুল: শিক্ষককে ভুল মডেলে টাকা দেওয়া

শিক্ষককে টাকা দেওয়ার দুই রকম চল আছে। মাসে নির্দিষ্ট টাকা, অথবা ব্যাচের আদায় করা ফির একটা ভাগ।

কোচিং সেন্টার ব্যবসায় শিক্ষককে নির্দিষ্ট মাসিক টাকা আর ফির ৫০% ভাগ দেওয়ার তুলনা
২০ জনের ব্যাচ, মাসিক ফি ১,২০০ টাকা ধরে।

ধরা যাক ২০ জনের একটা ব্যাচ, মাসিক ফি ১,২০০ টাকা। মোট আদায় ২৪,০০০ টাকা।

  • নির্দিষ্ট টাকায়: শিক্ষক পান ১০,০০০, বাকি ১৪,০০০ আপনার। কিন্তু ছাত্র ১২ জনে নামলে আদায় ১৪,৪০০, শিক্ষককে তখনও ১০,০০০।
  • ৫০% ভাগে: শিক্ষক পান ১২,০০০, আপনার থাকে ১২,০০০। ছাত্র কমলে দুজনের টাকাই কমে, ঝুঁকি ভাগ হয়।

শুরুর দিকে ভাগের মডেল নিরাপদ, কারণ ব্যাচ কতটা ভরবে তা আপনি জানেন না। ব্যাচ নিয়মিত ভরা থাকলে তখন নির্দিষ্ট টাকার কথা ভাবা যায়।

শিক্ষক নেওয়ার আগে একটা কথা

স্কুল বা কলেজের শিক্ষকরা নিজের প্রতিষ্ঠানের ছাত্র পড়ানো নিয়ে সরকারি নীতিমালার কড়াকড়ি আছে। শিক্ষক কোথায় চাকরি করেন জেনে নিন, আর সর্বশেষ নিয়ম আপনার উপজেলা বা জেলা শিক্ষা অফিসে যাচাই করুন।

ভুল: কয় ব্যাচে লাভ, সেটা না গোনা

ধরা যাক মাসের নির্দিষ্ট খরচ এমন:

খাতমাসে আন্দাজ (টাকা)
দুই রুমের ভাড়া১২,০০০
একজন অফিস সহকারী৬,০০০
বিদ্যুৎ আর পানি৩,০০০
প্রচার৩,০০০
ফটোকপি আর শিট২,০০০
মোট২৬,০০০

৫০% ভাগের মডেলে প্রতিটা ভরা ব্যাচ থেকে আপনার থাকে ১২,০০০ টাকা। তাহলে:

চালু ব্যাচছাত্রআপনার ভাগমাস শেষে
২টা৪০২৪,০০০২,০০০ টাকা ঘাটতি
৩টা৬০৩৬,০০০১০,০০০ টাকা থাকে
৫টা১০০৬০,০০০৩৪,০০০ টাকা থাকে
৮টা১৬০৯৬,০০০৭০,০০০ টাকা থাকে

দুই রুমে সকাল আর বিকেল মিলিয়ে ৮টা ব্যাচ চালানো যায়। আপনি নিজে কোনো ব্যাচ পড়ালে সেই ব্যাচের শিক্ষকের ভাগটাও আপনার থাকে।

হিসাবগুলো উদাহরণ। ফি, ব্যাচের আকার আর ভাড়া এলাকাভেদে অনেক আলাদা, নিজের সংখ্যা বসিয়ে দেখুন।

ভুল: প্রথম বছরের লক্ষ্য না রাখা

কোচিং সেন্টার ব্যবসার প্রথম বছর: আগাম তালিকা, ঘর, প্রথম তিন ব্যাচ, মডেল টেস্ট, নতুন বিষয়, দুই শিফট, পরের বছরের ভর্তি
লক্ষ্যগুলো উদাহরণ, এলাকাভেদে বদলাবে।

এই লক্ষ্যগুলো একটা উদাহরণ পরিকল্পনা। সবচেয়ে জরুরি ধাপ চার নম্বর, প্রথম মডেল টেস্ট। ফল লিখিত আকারে অভিভাবককে দিলে পরের ভর্তির সময় সেটাই সবচেয়ে বড় প্রচার।

ভুল: প্রচারে শুধু লিফলেট

লিফলেট এখনও কাজ করে, বিশেষ করে স্কুলের গেটে। কিন্তু অভিভাবকদের বড় অংশ ফেসবুকে থাকেন।

  • এলাকার নাম দিয়ে পেজ খুলুন, ক্লাসের সময় আর ফি পরিষ্কার লিখুন।
  • মডেল টেস্টের ফল নাম ছাড়া শুধু নম্বরের হিসাবে পোস্ট করুন।
  • বুস্ট করলে কয়েক কিলোমিটারের মধ্যে অভিভাবকদের টার্গেট করুন।

এলাকা ধরে টার্গেট কীভাবে করবেন, তার ভুল ধারণাগুলো আছে টার্গেটিং নিয়ে লেখায়। আর প্রচারে মাসে কত খরচ করা যুক্তিসঙ্গত, তার হিসাব দেখুন অ্যাড বাজেটের লেখায়।

পেজ চালানো, অ্যাড আর খরচের হিসাব রাখার পুরো পদ্ধতি একসাথে পেতে পারেন ৬টা গাইডের বান্ডেলে, ৳১,৩৮৯।

লাইসেন্স আর শিক্ষা অফিসের খোঁজ

কোচিং সেন্টারের জন্য সাধারণত সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স লাগে। কোচিং নিয়ে আলাদা কোনো নিবন্ধন লাগে কিনা, স্থানীয় শিক্ষা অফিসে জেনে নিন।

কয়েকটা প্রশ্ন

কোচিং সেন্টার খুলতে কত টাকা লাগে?

দুই রুমের ছোট কোচিংয়ে উদাহরণ হিসাবে আন্দাজ ১ লাখ ৭০ হাজার টাকা ধরা হয়েছে, দুই মাসের রিজার্ভসহ। বাসার রুম থেকে শুরু করলে খরচ অনেক কম। ঢাকার ভেতরে ভাড়া আর অ্যাডভান্স বেশি হলে অংকও বাড়বে।

কোচিং সেন্টারে মাসে কত আয় হয়?

আয় নির্ভর করে চালু ব্যাচের সংখ্যা আর ফির ওপর। উদাহরণের হিসাবে ৩ ব্যাচে মাসে প্রায় ১০ হাজার, ৫ ব্যাচে প্রায় ৩৪ হাজার টাকা থাকে, শিক্ষককে ৫০% দেওয়ার পরে। নিজে পড়ালে আয় আরও বাড়ে।

শিক্ষক কোথায় পাব?

স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের ভালো ছাত্র, আর অবসরপ্রাপ্ত শিক্ষকরা অনেক জায়গায় পড়ান। একটা ডেমো ক্লাস নিয়ে দেখুন ছাত্ররা বুঝছে কিনা। চাকরিরত শিক্ষক হলে নীতিমালার বিষয়টা আগে মিলিয়ে নিন।

প্রথম ছয় মাস নতুন বিষয় বা শ্রেণি যোগ করবেন না। আগে তিনটা ব্যাচ রেজাল্ট নিয়ে ফিরুক, সেই রেজাল্টই পরের বছরের ভর্তির বিজ্ঞাপন।